লোগো

পরিবারে সময় কাটানো: শিশুর মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ

পরিবারে সময় কাটানো: শিশুর মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ

বর্তমান ব্যস্ত জীবনে আমরা অনেক সময়ই পরিবারের সাথে কাটানো সময়কে তেমন গুরুত্ব দিতে পারি না। কাজের চাপ, প্রযুক্তির ব্যবহার এবং দৈনন্দিন ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব ধীরে ধীরে বাড়ছে। কিন্তু একটি শিশুর সুস্থ মানসিক বিকাশের জন্য পরিবারের সাথে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যেসব শিশুরা পরিবারের সাথে নিয়মিত সময় কাটায়, তারা মানসিকভাবে বেশি স্থিতিশীল, আত্মবিশ্বাসী এবং সামাজিকভাবে দক্ষ হয়ে ওঠে।

একটি শিশু জন্মের পর থেকেই তার চারপাশের পরিবেশ থেকে শিখতে শুরু করে। পরিবারই তার প্রথম শেখার জায়গা। মা-বাবার সাথে কথা বলা, খেলাধুলা করা, গল্প শোনা এসব ছোট ছোট বিষয় শিশুর মস্তিষ্কের বিকাশে বড় ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, শিশুর সাথে নিয়মিত কথা বলা এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া তার ভাষা দক্ষতা এবং আবেগ বোঝার ক্ষমতা বৃদ্ধি করে।
পরিবারের সাথে সময় কাটানো শিশুর মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করে। যখন একটি শিশু দেখে তার মা-বাবা তার জন্য সময় দিচ্ছে, তার কথা শুনছে, তখন সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। এই অনুভূতি তার আত্মসম্মানবোধ (Self-esteem) গড়ে তোলে। এবং যেসব শিশু ছোটবেলা থেকে পরিবারের ভালোবাসা ও মনোযোগ পায়, তারা ভবিষ্যতে কম মানসিক চাপ অনুভব করে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে বেশি সক্ষম হয়।
পরিবারে একসাথে খাওয়া-দাওয়া করা একটি খুবই কার্যকর অভ্যাস। এটি শুধু খাবার খাওয়ার সময় নয়, বরং একে অপরের সাথে কথা বলা, দিনের অভিজ্ঞতা শেয়ার করার একটি সুযোগ। যেসব পরিবার নিয়মিত একসাথে খাবার খায়, সেই পরিবারের শিশুদের আচরণগত সমস্যা তুলনামূলক কম হয় এবং তাদের যোগাযোগ দক্ষতা ভালো হয়।
এছাড়া, একসাথে খেলাধুলা করা শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিশু শেয়ার করা, ধৈর্য রাখা, নিয়ম মানা এবং দলগত কাজ শেখে। এমনকি সাধারণ লুডু, পাজল বা গল্প বলা এসবও শিশুর কল্পনাশক্তি ও সৃজনশীলতা বাড়ায়।
শিশুর সাথে সময় কাটানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার কথা মন দিয়ে শোনা। অনেক সময় আমরা শিশুর কথা গুরুত্ব দিই না বা ব্যস্ততার কারণে তাকে এড়িয়ে যাই। কিন্তু একটি শিশুর জন্য তার অনুভূতি প্রকাশ করার সুযোগ পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি সে তার কথা বলার সময় মনোযোগ পায়, তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং সে খোলামেলা হতে শেখে।
বর্তমানে একটি বড় সমস্যা হলো পরিবারে একসাথে সময় কাটানোর পরিবর্তে সবাই নিজের নিজের স্ক্রিনে ব্যস্ত থাকা। মা-বাবা মোবাইলে, আর শিশু ট্যাব বা টিভিতে। এর ফলে একে অপরের সাথে যোগাযোগ কমে যায়। American Academy of Pediatrics-এর মতে, অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের সামাজিক ও আবেগগত বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। তাই প্রতিদিন কিছু সময় স্ক্রিন ছাড়া একসাথে কাটানো অত্যন্ত জরুরি।
এখন প্রশ্ন হলো “কীভাবে পরিবারে সময় কাটানোর অভ্যাস গড়ে তোলা যায়?”
প্রথমত, প্রতিদিন নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করা যেতে পারে, যখন সবাই একসাথে থাকবে যেমন রাতের খাবারের সময় বা ঘুমানোর আগে কিছু সময়। এই সময়টিতে মোবাইল বা টিভি থেকে দূরে থাকা উচিত।
দ্বিতীয়ত, ছোট ছোট রুটিন তৈরি করা যেতে পারে, যেমন প্রতিদিন গল্প শোনা, সপ্তাহে একদিন একসাথে খেলাধুলা করা বা ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া। এই নিয়মিত অভ্যাসগুলো শিশুর মনে সুন্দর স্মৃতি তৈরি করে।
তৃতীয়ত, শিশুকে পারিবারিক কাজে যুক্ত করা যেতে পারে। যেমনঃ টেবিল সাজানো, ছোটখাটো কাজে সাহায্য করা। এতে সে দায়িত্ববোধ শেখে এবং পরিবারের সাথে তার সংযোগ আরও দৃঢ় হয়।
চতুর্থত, শিশুর সাথে সময় কাটানোর সময় তাকে পুরো মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ। শুধু পাশে বসে থাকা নয়, বরং তার সাথে কথা বলা, তার অনুভূতি বোঝা এবং তাকে গুরুত্ব দেওয়া এই বিষয়গুলোই আসল।
মূলত পরিবারে সময় কাটানো কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি প্রয়োজন। এটি শিশুর মানসিক, সামাজিক এবং আবেগগত বিকাশের ভিত্তি তৈরি করে। আজকের ব্যস্ততার মাঝেও যদি আমরা একটু সময় বের করে আমাদের সন্তানের সাথে কাটাই, তাহলে সেটিই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন:

FacebookTwitterWhatsAppTelegramLinkedIn

💬 মন্তব্য (0)

মন্তব্য লোড হচ্ছে...

মন্তব্য লিখুন

0/1000