লোগো

শিশুর সামনে আর্থিক চাপ নিয়ে কথা বলা কতটা ঠিক?

শিশুর সামনে আর্থিক চাপ নিয়ে কথা বলা কতটা ঠিক?

ফাহমিদা বেগমের সংসারে টাকার হিসাব প্রায় প্রতিদিনই বদলায়। কোনো মাসে স্বামীর রিকশা ভালো চলে, কোনো মাসে অসুস্থতা বা বৃষ্টির কারণে আয় কমে যায়। গার্মেন্টসের বেতন দিয়ে বাসাভাড়া, বাজার আর বাচ্চাদের স্কুলের খরচ সামলাতে গিয়ে অনেক সময় রাতের খাবারের পর স্বামী-স্ত্রীর মধ্যে টাকার চিন্তা নিয়ে কথাবার্তা হয়েই যায়। সমস্যা হলো, সেই কথাগুলোর অনেকটাই শিশুদের সামনেই হয়। একদিন ফাহমিদার ৯ বছরের মেয়েটা হঠাৎ বলেছিল, “আম্মু, আমি আর ছবি আঁকার খাতা কিনবো না। অনেক টাকা লাগে।” কথাটা শুনে ফাহমিদা বুঝতে পারেন, মেয়েটা শুধু কথা শুনছে না, সে ভেতরে ভেতরে চাপও নিচ্ছে।

অনেক পরিবারেই একটা ভুল ধারণা আছে। কেউ মনে করেন, “বাচ্চার সামনে কিছুই বলা যাবে না।” আবার কেউ বলেন, “সব সত্যি জেনে রাখা ভালো।” কিন্তু শিশু মনোবিজ্ঞান বলছে, এই দুইয়ের মাঝামাঝি পথটাই অবলম্বন করা উচিত।
গবেষণায় দেখা গেছে, শিশু যদি নিয়মিত টাকার অভাব, ঝগড়া, ভয় বা অনিশ্চয়তার কথা শুনতে থাকে, তাহলে তার মধ্যে উদ্বেগ, অনিরাপত্তাবোধ, ঘুমের সমস্যা, এমনকি নিজের ওপর দোষ নেওয়ার প্রবণতাও তৈরি হতে পারে। বিশেষ করে ৬–১২ বছর বয়সী শিশুরা অনেক সময় ভাবতে শুরু করে, “আমার জন্যই কি মা-বাবার এত কষ্ট হচ্ছে?” এমনকি অনেক শিশু নিজের ছোট ছোট প্রয়োজন নিয়েও অপরাধবোধে ভুগতে শুরু করে।
ফাহমিদার বড় মেয়েটার মধ্যেও সেই পরিবর্তন আসছিল। আগে সে স্কুলের গল্প করত, বন্ধুদের কথা বলত। কিন্তু কিছুদিন ধরে কিছু চাইতেই ভয় পাচ্ছিল। কারণ প্রায়ই সে শুনত,
“এই মাসে টাকা নেই।”
“কীভাবে চলবো বুঝতে পারছি না।”
“বাচ্চাদের খরচই সামলানো যাচ্ছে না।”
শিশুর মস্তিষ্ক এখনও বড়দের মতো জটিল সমস্যা বিশ্লেষণ করতে পারে না। তাই তারা সমস্যা শুনে সমাধানের পথ বোঝে না, বরং ভয় আর দুশ্চিন্তা নিজের মধ্যে ধারণ করে।
তবে এর মানে এই নয় যে শিশুদের সবকিছু লুকিয়ে রাখতে হবে। সবচেয়ে ভালো উপায় হলো বয়স উপযোগীভাবে সত্যটা বলা। অর্থাৎ শিশুকে বাস্তবতা বোঝানো যাবে, কিন্তু এমনভাবে নয় যাতে সে নিজেকে অনিরাপদ মনে করে।
যেমন—
❌ “আমরা শেষ হয়ে গেলাম।”
❌ “তোমাদের কারণেই এত খরচ।”
❌ “এভাবে চললে না খেয়ে থাকতে হবে।”
এই ধরনের কথা শিশুর নিরাপত্তাবোধ নষ্ট করতে পারে।
বরং বলা যেতে পারে, 
✔ “এই মাসে একটু হিসাব করে চলতে হবে।”
✔ “আমরা কিছু জিনিস পরে কিনবো।”
✔ “আমরা সবাই মিলে সামলে নেবো, ইনশাআল্লাহ।”
এতে শিশু বাস্তবতাও শেখে, আবার অযথা ভয়ও পায় না।
মনোবিজ্ঞানীরা বলেন, শিশুদের সামনে যদি টাকার বিষয় নিয়ে আলোচনা করতেই হয়, তাহলে কথার ধরন হবে খুব গুরুত্বপূর্ণ। চিৎকার, দোষারোপ বা হতাশাভরা কথা বলা থেকে বিরত থাকতে হবে কেননা এগুলো শিশুর মনে দীর্ঘমেয়াদি চাপ তৈরি করতে পারে।
ফাহমিদা পরে একটা জিনিস খেয়াল করেন, যেদিন রাতে টাকার বিষয় নিয়ে ঝগড়া হয়, সেদিন ছোট ছেলেটা বেশি কান্না করে আর ৬ বছরের মেয়েটা চুপচাপ হয়ে যায়। কারণ শিশুরা শুধু কথা নয়, ঘরের আবহাওয়াও অনুভব করে।
তাই এখন তারা চেষ্টা করেন গুরুত্বপূর্ণ আর্থিক আলোচনা বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পরে করতে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিশুদের অর্থের মূল্য শেখানো আর তাদের ওপর অর্থনৈতিক চাপ চাপিয়ে দেওয়া এক জিনিস নয়।
শিশুকে সঞ্চয় শেখানো, অপচয় না করা শেখানো, প্রয়োজন আর ইচ্ছার পার্থক্য বোঝানো খুবই ভালো অভ্যাস। কিন্তু তাকে এমন অনুভব করানো ঠিক নয় যে পরিবারের সব দায়িত্ব তার কাঁধে।
অনেক নিম্নআয়ের পরিবারে বড় সন্তানরা খুব দ্রুত বড়দের মতো দায়িত্বশীল হয়ে যায়। এটা একদিকে দায়িত্ববোধ তৈরি করলেও, অন্যদিকে শৈশবের স্বাভাবিক আনন্দ কমিয়ে দিতে পারে।
ফাহমিদার বড় মেয়েটা এখন মাঝে মাঝে নিজেই ছোট ভাইকে বলে,
“লাইট বন্ধ করো, বিদ্যুতের বিল বেশি আসবে।”
এটা সচেতনতা। কিন্তু যদি সে সবসময় এই ভয় নিয়ে বড় হয়, “টাকা শেষ হয়ে যাবে”  তাহলে সেটা মানসিক চাপ হয়ে দাঁড়াতে পারে।
সবশেষে একটা বিষয় মনে রাখা জরুরি, শিশুদের সবচেয়ে বড় প্রয়োজন নিখুঁত আর্থিক অবস্থা নয়; বরং নিরাপদ ও ভালোবাসাপূর্ণ পারিবারিক পরিবেশ।
সংসারে অভাব থাকতে পারে, কিন্তু যদি শিশুর মনে বিশ্বাস থাকে,
“আমার পরিবার আমাকে ভালোবাসে।”
“আমরা একসাথে আছি।”
“সমস্যা এলেও আমরা তা সামলে নিতে পারব।”
তাহলে সে মানসিকভাবে অনেক বেশি দৃঢ় ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে বড় হয়ে উঠতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন:

FacebookTwitterWhatsAppTelegramLinkedIn

💬 মন্তব্য (0)

মন্তব্য লোড হচ্ছে...

মন্তব্য লিখুন

0/1000