
টুইনদের জিনিস আলাদা রাখা ভালো। যেমন ফিডিং বোতল, চুষনি, তোয়ালে, খাওয়ানোর কাপড়, চামচ- এগুলো একসঙ্গে ব্যবহার না করাই ভালো। খেলনা ভাগাভাগি করে ব্যবহার করা যেতে পারে, কিন্তু নিয়মিত পরিষ্কার করা দরকার। একজন অসুস্থ হলে তার...
টুইন বেবি সামলানো যেমন আনন্দের, তেমন দ্বিগুণ দায়িত্বও। একজন বাবু একটু কাশি দিলেই মাথায় প্রশ্ন আসে- “এবার কি আরেকজনেরও হবে?”
আমাদের মতো যৌথ পরিবারে যেখানে বাসায় অনেক মানুষ, অতিথি আসা-যাওয়া, কোলে নেওয়া- সেখানে এই ভয় আরও বাস্তব। পুরোপুরি সব অসুখ আটকানো সম্ভব না, কিন্তু ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
টুইন বেবিদের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো একই উৎস থেকে সংক্রমণের ঝুঁকি। একই ঘর, একই পরিচর্যাকারী, একই খেলনা, একই বাতাস। একজনের ভাইরাস বা জীবাণু অন্যজনের কাছে দ্রুত পৌঁছানো অসম্ভব কিছু না। বিশেষ করে শ্বাসতন্ত্রের সংক্রমণ, যেমন ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা বা RSV, ছোট শিশুর জন্য বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। CDC-এর তথ্য অনুযায়ী RSV সাধারণত বড়দের মধ্যে হালকা সর্দি-কাশির মতো হলেও, নবজাতক ও ছোট শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার একটি বড় কারণ।
তাই এক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে কার্যকর নিয়ম হলো হাত পরিষ্কার রাখা। শিশুকে ধরার আগে, ডায়াপার পরিবর্তনের পরে, বাইরে থেকে এসে, খাবার তৈরি বা খাওয়ানোর আগে হাত ধোয়া জরুরি। নবজাতকের সংক্রমণ প্রতিরোধবিষয়ক গবেষণায় দেখা গেছে, পরিচর্যাকারীদের নিয়মিত হাতের পরিচ্ছন্নতা নবজাতকের সংক্রমণ কমাতে সাহায্য করতে পারে।
দ্বিতীয় বিষয় হলো অসুস্থ মানুষ থেকে দূরত্ব বজায় রাখা। আমাদের সমাজে “সামান্য সর্দি” বলে অনেকেই বাচ্চা দেখতে চলে আসেন। কিন্তু ছয় মাসের শিশুর জন্য এই “সামান্য” বিষয়ও গুরুতর হতে পারে। কারও জ্বর, কাশি, গলা ব্যথা বা ফ্লু-সদৃশ উপসর্গ থাকলে তাকে বিনয়ের সঙ্গে বলতে হবে, “আপনি সুস্থ হলে আসবেন।” এটা অভদ্রতা নয়, এটা দায়িত্ব।
তৃতীয়ত, টুইনদের জিনিস আলাদা রাখা ভালো। যেমন ফিডিং বোতল, চুষনি, তোয়ালে, খাওয়ানোর কাপড়, চামচ- এগুলো একসঙ্গে ব্যবহার না করাই ভালো। খেলনা ভাগাভাগি করে ব্যবহার করা যেতে পারে, কিন্তু নিয়মিত পরিষ্কার করা দরকার। একজন অসুস্থ হলে তার ব্যবহৃত কাপড়, বিব ও তোয়ালে আলাদা রাখলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কিছুটা কমানো যায়।
চতুর্থত, পুষ্টি খুব গুরুত্বপূর্ণ। শিশুর বয়স অনুযায়ী বুকের দুধ বা ফর্মুলা দুধ ঠিকভাবে দেওয়া, পানিশূন্যতার লক্ষণ পর্যবেক্ষণ করা এবং প্রস্রাবের পরিমাণ খেয়াল রাখা- এগুলো স্বাস্থ্য পর্যবেক্ষণের অংশ। WHO নবজাতক পরিচর্যায় সংক্রমণ থেকে সুরক্ষা, শরীর উষ্ণ রাখা এবং সঠিকভাবে খাওয়ানোকে অত্যাবশ্যক পরিচর্যার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছে।
পঞ্চমত, টিকাদানের সময়সূচি কখনো বাদ দেওয়া যাবে না। টুইন বলে আলাদা নিয়ম নেই। দুই শিশুরই বয়স অনুযায়ী নিয়মিত টিকাদান অনুসরণ করতে হবে। যদি একজন অসুস্থ থাকে, তাহলে শিশু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে টিকা দেওয়ার উপযুক্ত সময় নির্ধারণ করতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুম ও নিরাপদ ঘুমের পরিবেশ। অসুস্থতা প্রতিরোধে ঘুম সরাসরি সবকিছু নিয়ন্ত্রণ না করলেও, শিশুর সার্বিক সুস্থতা, মানসিক অবস্থা ও দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য ঘুম প্রয়োজন। AAP টুইনসহ সব শিশুর জন্য আলাদা নিরাপদ ঘুমের স্থান, শক্ত গদি, চিৎ হয়ে ঘুমানো এবং একই বিছানায় ঘুমানো এড়িয়ে চলার পরামর্শ দেয়।
যদি একজন টুইন অসুস্থ হয়, তখন কী করবেন? সম্ভব হলে তার সঙ্গে অন্য শিশুর সরাসরি সংস্পর্শ কিছুটা কমিয়ে দিন, তবে আতঙ্কিত হবেন না। একই পরিচর্যাকারী যদি দুজনকেই সামলায়, তাহলে এক শিশুকে ধরার পর হাত ধুয়ে অন্যজনকে ধরুন। অসুস্থ শিশুর নাকের সর্দি, কাপড় ও তোয়ালে আলাদা রাখুন। ঘর বাতাস চলাচলযোগ্য রাখুন, তবে সরাসরি ঠান্ডা বাতাসে শিশুকে রাখবেন না।
কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?
শিশুর বয়স কম হলে জ্বরকে হালকাভাবে নেওয়া যাবে না। শ্বাসকষ্ট, বুক ভেতরে দেবে যাওয়া, খুব কম খাওয়া, প্রস্রাব কমে যাওয়া, অস্বাভাবিক ঝিমুনি বা ঠোঁট নীলচে হয়ে যাওয়া- এগুলো সতর্ক সংকেত। এমন হলে দেরি না করে শিশু বিশেষজ্ঞ বা জরুরি চিকিৎসা সেবা নিতে হবে।
আমার মনে হয়, টুইন বেবির স্বাস্থ্যসেবার মূল কথা হলো, প্রতিরোধ, পর্যবেক্ষণ এবং দ্রুত পদক্ষেপ। সব অসুখ আটকানো যাবে না, কিন্তু ঘরের পরিচ্ছন্নতা, দর্শনার্থী নিয়ন্ত্রণ, আলাদা ব্যবহার্য জিনিস, টিকাদান, নিরাপদ ঘুম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিচর্যা অনুসরণ করলে ঝুঁকি অনেক কমানো যায়।
টুইন সন্তান লালন-পালনে ভয় থাকবে, ক্লান্তিও থাকবে। কিন্তু নিয়মগুলো পরিষ্কার থাকলে বিশৃঙ্খলা অনেক কমে যায়। ভালোবাসার সঙ্গে একটু বিজ্ঞান যুক্ত করতে পারলেই দুই বাবুর স্বাস্থ্য অনেক বেশি নিরাপদ রাখা সম্ভব।
💬 মন্তব্য (0)
মন্তব্য লিখুন