
আমি আর আমার স্বামী দুজনই ডাক্তার। তাই আমাদের বাসায় প্রতিদিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা। সকালে দ্রুত বের হওয়ার তাড়া, সারাদিন হাসপাতালের ব্যস্ততা, আর রাতে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরা, সব মিলিয়ে প্রতিদিন নতুন করে সুষম খাবার রান্না করা সবসময় সম্ভব হয় না। বাসায় সাহায্যের মানুষ থাকায় কিছুটা সুবিধা হয় ঠিকই, কিন্তু প্রতিদিন কী রান্না হবে, কীভাবে হবে, সবকিছু বিস্তারিত বুঝিয়ে দেওয়াও সহজ নয়। এই কারণেই কয়েক বছর ধরে আমি "মিল প্ল্যানিং" বা আগেভাগে খাবারের পরিকল্পনা করার অভ্যাস গড়ে তুলেছি।
সহজভাবে বললে, মিল প্ল্যানিং হলো কয়েকদিন বা পুরো সপ্তাহের খাবার আগে থেকেই কিছুটা পরিকল্পনা করে রাখা। এতে প্রতিদিন নতুন করে কী রান্না করব, কী বাজার করতে হবে বা কী প্রস্তুতি লাগবে, এসব নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হয় না।
আমার অভিজ্ঞতায়, এটা শুধু সময়ই বাঁচায় না, বরং ব্যস্ততার কারণে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার অর্ডার করার প্রবণতাও কমিয়ে দেয়।
আমি খুব জটিল কিছু করি না। বরং ছোট ছোট কিছু প্রস্তুতি রাখি, যেগুলো ব্যস্ত দিনে অনেক কাজে আসে।
যেমন, সপ্তাহের জন্য লাল আটার রুটি বানিয়ে হালকা সেঁকে ফ্রিজারে রেখে দিই। সকালে শুধু গরম করে নিলেই হয়ে যায়।
অনেক সময় আলু সেদ্ধ করে রাখি বা গমের পাস্তা আগে থেকেই সেদ্ধ করে সামান্য অলিভ অয়েল মেখে সংরক্ষণ করি। ফলে প্রয়োজনের সময় দ্রুত খাবার তৈরি করা যায়।
এছাড়া কিছু উপকরণ সবসময় প্রস্তুত রাখার চেষ্টা করি। যেমনঃ
• শসা
• টমেটো
• গাজর
• পেঁয়াজ
• লেটুস
• সেদ্ধ মুরগির ছোট টুকরা (৩–৪ দিনের মধ্যে ব্যবহার করা ভালো)
এগুলো আলাদা বক্সে ফ্রিজে থাকলে খুব সহজেই সালাদ, স্যান্ডউইচ বা র্যাপ তৈরি করা যায়। তবে সাধারণত এগুলো ১–২ দিনের মধ্যে ব্যবহার করলে সতেজতা ও পুষ্টিগুণ ভালো থাকে।
আমি আরেকটা বিষয়কে বেশ গুরুত্ব দিই, প্রোটিন আগে থেকে প্রস্তুত রাখা।
ধরুন, একদিন একটু বেশি মুরগি রান্না করলাম। পরের দিন সেই মুরগি দিয়েই স্যুপ, স্যান্ডউইচ বা সবজির সঙ্গে হালকা ভাজি বানিয়ে ফেলি। এতে প্রতিদিন আলাদা করে রান্নার চাপ অনেক কমে যায়।
খাবার পরিকল্পনা করার সময় আমি চেষ্টা করি প্রতিটি বেলায় কিছুটা ভারসাম্য রাখতে।
যেমনঃ
• একটি প্রোটিনের উৎস
• কিছু শাকসবজি
• একটি কার্বোহাইড্রেটের উৎস
• এবং সামান্য স্বাস্থ্যকর চর্বি
এভাবে খাবার সাজালে পেটও ভরে, আবার দীর্ঘ সময় শক্তিও পাওয়া যায়।
ফ্রিজারও আমি বেশ কাজে লাগানোর চেষ্টা করি।
যেমনঃ
• আদা-রসুন বাটা ছোট ছোট ভাগে রাখা
• সবজি ধুয়ে কেটে ১–২ দিনের প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করা
• ডাল রান্না করে ভাগ করে রাখা
• স্যুপের স্টক আগে থেকেই তৈরি করে সংরক্ষণ করা
এগুলো ব্যস্ত দিনের রান্না অনেক সহজ করে দেয়।
ফলের ক্ষেত্রেও আমি একটু পরিকল্পনা করে চলার চেষ্টা করি।
আমাদের বাসায় সাধারণত সবসময় কিছু সহজে খাওয়া যায় এমন ফল থাকে। যেমনঃ
• আপেল
• কলা
• কমলা
• পেয়ারা
• আঙুর
• পেঁপে
অনেক সময় সকালে বিস্তারিত নাস্তা তৈরির সুযোগ না থাকলেও একটি ফল, একটি সেদ্ধ ডিম আর লাল আটার রুটি দিয়েই দ্রুত একটি সুষম খাবার তৈরি করা সম্ভব।
তবে কাটা ফল সাধারণত ১ দিনের মধ্যে খেয়ে ফেলা ভালো, কারণ এতে সতেজতা ও পুষ্টিগুণ বেশি থাকে।
আমি এখন প্রায়ই খাবারের বক্সের গায়ে তারিখ লিখে রাখি। এতে কোন খাবার আগে ব্যবহার করতে হবে, সেটা সহজে বোঝা যায়।
আরেকটা বিষয় আমি সময়ের সঙ্গে শিখেছি, মিল প্ল্যানিং মানে প্রতিদিন একই ধরনের খাবার খাওয়া নয়। বরং এমনভাবে প্রস্তুতি রাখা, যাতে অল্প সময়েও বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়।
সবশেষে আমি যেটা উপলব্ধি করেছি, সেটা হলো, স্বাস্থ্যকর খাওয়াদাওয়া মানেই প্রতিদিন অনেক সময় নিয়ে জটিল রান্না করা নয়। বিশেষ করে কর্মজীবী বাবা-মায়ের জীবনে বাস্তবতা খুব গুরুত্বপূর্ণ।
প্রতিদিন নিখুঁত রান্না করা সম্ভব নাও হতে পারে। কিন্তু সামান্য পরিকল্পনা থাকলে ব্যস্ত সময়ের মধ্যেও পরিবারের জন্য তুলনামূলক স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা অনেক সহজ হয়ে যায়।
আর যখন প্রতিদিন "আজ কী রান্না হবে?" এই চিন্তাটা কিছুটা কমে যায়, তখন পরিবার, বিশ্রাম আর সন্তানদের জন্যও অনেক বেশি সময় ও মানসিক শক্তি বাঁচিয়ে রাখা সম্ভব হয়।
💬 মন্তব্য (0)
মন্তব্য লিখুন