লোগো

দামী খেলনার চেয়ে Meaningful play কেন বেশি জরুরি

দামী খেলনার চেয়ে Meaningful play কেন বেশি জরুরি

দামী খেলনার চেয়ে Meaningful play কেন বেশি জরুরি? আমি আর আমার স্বামী দুজনই পেশাজীবী। তাই মেয়ের জন্য কিছু কিনতে গেলে সবসময় চেষ্টা করি ভালো জিনিসটাই কিনতে। একসময় মনে হতো, বেশি দামি খেলনা মানেই হয়তো বেশি শেখা, বেশি উন্নতি। বাসার এক কোণে ব্যাটারি চালিত খেলনা, কথা বলা পুতুল, গান বাজানো খেলনাসহ অনেক খেলনা জমে গিয়েছিল। কিন্তু একটা সময় আমি বুঝতে পারলাম, ব্যাটারি চালিত খেলনার চেয়ে ইন্টারেক্টিভ খেলনা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটারি চালিত খেলনায় শিশুরা সক্রিয়ভাবে অংশ নিতে পারে না; তারা শুধু দেখে যায়।

তাছাড়া অনেক খেলনায় ব্যবহৃত মিউজিক বা লাইট সবসময় শিশুর জন্য উপকারীও  হয় না। তাছাড়া আমি খেয়াল করলাম, এত খেলনার মাঝেও আমার মেয়ে সবচেয়ে বেশি সময় কাটাচ্ছে খুব সাধারণ কিছু জিনিস নিয়ে। কখনো ব্লক দিয়ে ঘর বানাচ্ছে, কখনো কাগজ কেটে কিছু বানাচ্ছে, কখনো রান্নাবাটি খেলছে।
তখন বুঝলাম, শিশুর বিকাশের জন্য খেলনার দাম সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না। বরং গুরুত্বপূর্ণ হলো, সঠিক খেলনা বাছাই করা। 
শিশু মনোবিজ্ঞান নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই একটা বিষয় বলছেন, Meaningful play শিশুর মস্তিষ্কের বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Meaningful play বলতে এমন খেলা বোঝায়, যেখানে শিশু শুধু তাকিয়ে থাকে না, বরং নিজে কিছু করে, ভাবে, কল্পনা করে, স্পর্শ করে আর সমস্যা সমাধানের চেষ্টা করে। এই ধরনের খেলাই শিশুর বিভিন্ন দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে। 
যেমন ছোট বাচ্চাদের Motor skill development খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ শরীরের নড়াচড়ার দক্ষতা। ছোট ছোট ব্লক জোড়া লাগানো, মাটি দিয়ে কিছু বানানো, রং করা, কাগজ ভাঁজ করা,  এসব শিশুর হাতের নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। এগুলোকে Fine motor skill বলা হয়।
আবার দৌড়ানো, লাফানো, বল ধরা, ভারসাম্য রাখা এসব বড় ধরনের শারীরিক নড়াচড়াকে Gross motor skill বলা হয়। এই খেলাগুলো শিশুর শরীরের সমন্বয় শেখায়।
আজকাল অনেক শিশুর খেলাধুলা শুধু স্ক্রিন-এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। ফলে শরীর ব্যবহার করে খেলার সুযোগ কমে যাচ্ছে। অথচ নড়াচড়া ভিত্তিক খেলা শিশুদের শারীরিক আর মানসিক বিকাশ দুটোর জন্যই প্রয়োজন।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো Sensory skill development।
ছোট শিশুরা স্পর্শ, শব্দ, রং আর নড়াচড়ার মাধ্যমে পৃথিবীকে চিনতে শেখে। পানি নিয়ে খেলা, বালু স্পর্শ করা, বিভিন্ন ধরনের জিনিস হাতে অনুভব করা, এসব Sensory activity শিশুর অনুভূতি বোঝার ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।
আমি নিজের মেয়ের মধ্যেও এটা লক্ষ্য করেছি। যেদিন ও শুধু স্ক্রিন দেখে সময় কাটায়, সেদিন ও দ্রুত বিরক্ত হয়ে যায়। কিন্তু ব্লক, কল্পনার খেলা বা ছবি আঁকার কাজ করলে অনেক বেশি মনোযোগী আর শান্ত থাকে।
তাছাড়া Pretend play বা কল্পনার খেলাও খুব গুরুত্বপূর্ণ। যেমন Doctor-Doctor খেলা, রান্নাবাটি, টিচার সেজে পড়ানো, এসব খেলার মাধ্যমে শিশুর কল্পনাশক্তি, ভাষা শেখা আর অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা বাড়ে। গবেষণায় দেখা গেছে, এই ধরনের খেলা শিশুর সামাজিক দক্ষতা আর সমস্যা সমাধানের ক্ষমতাও বাড়ায়।
একটা বিষয় আমি ধীরে ধীরে বুঝেছি,  অনেক সময় আমরা মা-বাবারা দামি খেলনা কিনে ভাবি, দায়িত্ব শেষ। কিন্তু শিশুরা সবসময় বেশি খেলনা চায় না। তারা অনেক সময় চায় মা-বাবার অংশগ্রহণ।
আমি খেয়াল করেছি, আমার মেয়ে সবচেয়ে বেশি খুশি হয় তখনই, যখন আমি ওর সাথে মেঝেতে বসে খেলি। সেটা খুব সাধারণ কোনো খেলা হলেও। 
আমি বিশ্বাস করি, খেলাধুলা শিশুদের জন্য শুধু বিনোদন না। এটা তাদের শেখার ভাষা। আর Meaningful play-এর মধ্য দিয়েই শিশুর শরীর, মস্তিষ্ক, অনুভূতি আর কল্পনাশক্তি একসাথে ধীরে ধীরে বিকশিত হয়।
 

এই পোস্টটি শেয়ার করুন:

FacebookTwitterWhatsAppTelegramLinkedIn

💬 মন্তব্য (0)

মন্তব্য লোড হচ্ছে...

মন্তব্য লিখুন

0/1000